অস্কার দৌড়ে বাদ পড়ল বাংলাদেশ থেকে পাঠানো একমাত্র সিনেমা ‘বলী (দ্য রেসলার) ’। এ বছর অস্কারের জন্য ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত সিনেমাটি পাঠানো হয়েছিল।
আসন্ন ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত এ তালিকায় আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জায়গা করে নিয়েছে ৮৫টি দেশের ছবি। সেখানে নেই ‘বলী’। এর আগে সিনেমাটি দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগের পুরস্কার জিতেছিল। ‘বলী’ নির্মিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলাকে উপজীব্য করে। অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম, তাহাদিল আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ জানুয়ারি শুরু হয়ে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এর মাধ্যমে মনোনয়ন পাওয়া ছবির তালিকা প্রকাশ হবে। সবশেষে আগামী ২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ায় হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কেভিন ও’ব্রায়েন। এদিন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখা যাবে এই আয়োজন।
