ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে রাজধানী রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। হত্যাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়।
গতকাল বুধবার বিকেল ৪টার পর শিক্ষার্থীরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্রিজে অবস্থান নেন। সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেন। এতে ব্রিজের পূর্ব পাশের দুই লেন বন্ধ হয়ে যায়। এক লেন দিয়ে গাড়ি চলাচল করে। তাতে ওই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে সমাবেশ শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্তরা গুপ্তহত্যার শিকার হচ্ছেন। তাদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে সমাবেশ থেকে। এ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। সমাবেশে দুই শিক্ষার্থী হত্যার বিচারের পাশাপাশি সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানানো হয়। সমাবেশ শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল শুরু করেন। মিছিলটি রামপুরা ব্রিজ হয়ে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটি পর্যন্ত যায়। পরে মিছিলটি সেখান থেকে ঘুরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এসে শেষ হয়।
গত ১২ ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। দুদিন পর ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
