পরিবেশ উপদেষ্টা বললেন

দেশে দূষিত বায়ুর ৩০ শতাংশ আসে ভারত থেকে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ এএম

দেশে দূষিত বায়ুর ৩০ শতাংশ পাশের দেশ ভারত থেকে আসে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘পাওয়ার প্ল্যান্ট থেকে আসে ২৮ শতাংশ। নির্মাণকাজ ও শিল্পদূষণ থেকে আসে ১৩ শতাংশ। আমরা চাইলে নিজ দেশের দূষণ কমানোর চেষ্টা করতে পারি। এখন কীভাবে এটা কমাব, কোনো পদ্ধতিতে করব। সেটি আমাদের ঠিক করতে হবে।’

গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইএসএস) আয়োজিত ‘বৈশ্বিক জলবায়ু আলোচনা: বাংলাদেশের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘বায়ুদূষণ রোধে প্ল্যান শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। মিনিস্ট্রিতে এসেই ওয়ার্কশপ, প্ল্যান, প্রজেক্ট শুধু এসব। কিন্তু এসব প্ল্যানের বাস্তবায়ন আগে কখনো হয়নি। বায়ুদূষণ ধরেই সমাধান করা যাবে না। কাজ শুরু করতে হবে। অনেক দেরি হয়ে গেছে। আমাদের কাজটা করতে হবে বর্ষব্যাপী। তাহলে ধুলোর প্রকোপ কমানো যাবে। তাহলে পরবর্তী বছরে অন্তত সহনীয় বায়ু পেতে পারি।’

দূষণ রোধে টাস্কফোর্স গঠন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, একটা টাস্কফোর্স আছে। যেখানে ১৪টি গ্রুপ একসঙ্গে কাজ করবে। দ্রুতই কাজ শুরু হবে। দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিজওয়ানা হাসান আরও বলেন, ‘বাংলাদেশের পরিবেশগত সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। নদী ও খাল ভরাট হলে অভিযোজন কার্যক্রম চালানো সম্ভব হবে না। উন্নয়ন পরিকল্পনা নতুন করে সাজাতে হবে এবং ভোগবাদী জীবনযাত্রা পরিত্যাগ করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার এখন সহিষ্ণুতা বাড়ানো, অভিযোজনের জন্য পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা এবং বৈশ্বিক প্রতিশ্রুতির বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে ন্যায়সংগত ও সমতাভিত্তিক আলোচনার ওপর গুরুত্ব দিতে হবে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কণ্ঠস্বর শুনতে হবে এবং উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত