দুর্জয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের মামলা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ এএম

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে ৪ কোটি ২২ লাখ টাকা ঘুষ নিয়েছেন। তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ টাকার টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করায় মামলা করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পরিচালক আবুল হাসনাত ও উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলা দুটি করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি সাবেক এমপি দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করা হয়। দুদকের অনুসন্ধানকালে তার বিরুদ্ধে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন থেকে ৪ কোটি ২২ লাখ টাকা ঘুষ নেওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তার নিজ নামে আর্থিক প্রতিষ্ঠানের ১৩ হিসাব এবং ব্যাংকের ৯টি হিসাবে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে। মামলার তদন্ত পর্যায়ে এসব খতিয়ে দেখা হবে।

নিজাম হাজারীর মামলার এজাহারে বলা হয়, তার আয়কর নথি অনুযায়ী ২০১০-১১ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত অতীতের সঞ্চয়, বেতনভাতাদি, সম্মানী ভাতা, গৃহসম্পত্তির আয়,

কৃষি আয়, মৎস্য আয়, ব্যাংক সুদ, শেয়ারের লভ্যাংশসহ ৭২ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৭৯ টাকা আয় করেন এবং একই সময়ে পারিবারিক কাজে ১১ কোটি ১০ লাখ ৫০ হাজার ৫৬১ টাকা ব্যয় করেন। ব্যয় বাদ দিয়ে তার বৈধ গ্রহণযোগ্য আয় ৬১ কোটি ২৯ লাখ ৭ হাজার ৯১৮ টাকা। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার ৮০ কোটি ১ লাখ ৯২ হাজার ৭০৩ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি অবৈধভাবে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার ৭২৮ টাকার সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখায় একটি মামলা করা হয়। মামলার এজাহারে আরও বলা হয়, নিজাম হাজারী ও তার প্রতিষ্ঠানের নিজ নামে ২৮০ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৯১৪ টাকা জমা এবং ২৬৮ কোটি টাকা উত্তোলনসহ ৫৪৮ কোটি ৮০ লাখ ৪৫ হাজার ৫০৪ টাকার সন্দেহজনক লেনদেন করার তথ্য পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত