জাতির প্রতিটি অর্জনে গর্ব করার দল বিএনপি : রিজভী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন-সংগ্রাম থেকে কখনো পিছপা হয়নি বিএনপি। অনেকে অনেক কিছু করেছে, কিন্তু বিএনপি কখনো দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির প্রতিটি অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি। ১৯৭১, ১৯৭৫-এর ৭ নভেম্বর, ১৯৯০ এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির ছিল গৌরবোজ্জ্বল অবদান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের সঙ্গে গতকাল শুক্রবার সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল ৭ নভেম্বর। এরশাদকে জাতীয় বেইমান বলে ২৪ ঘণ্টার মধ্যে এরশাদের দলে ভিড়েছে শেখ হাসিনা। ’৯০ নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ। ৫ আগস্টের আন্দোলন শেখ হাসিনার গর্ব করার নয়, বরং পালিয়ে যাওয়ার ইতিহাস।’

বিএনপির সঙ্গে ছলচাতুরি করে কোনো লাভ হবে না উল্লেখ করে রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ, জনগণ তা প্রত্যাশা করেনি।’

অন্তর্বর্তী সরকারকে মেপে চলার আহ্বান জানান বিএনপির এই নেতা। রিজভী বলেন, ‘কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দল করার অধিকার সবার আছে। তবে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দল হলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে।’

গণতান্ত্রিক আন্দোলনের অংশীজনের গণতন্ত্রের মূল্যবোধকে শ্রদ্ধা করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘স্বৈরাচারের প্রভাবে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি ও সব ক্রিমিনাল একত্রিত হয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে, কোনো দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন। তারা কিন্তু উট পাখির মতো বালির নিচে মাথা গুঁজে নেই। পতিত শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছেন, সে দেশের সরকার মিডিয়ায় প্রভাব বিস্তার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে।’

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য নাজমুল হাসান, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদ আওয়াল, হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, আদাবর থানা যুবদল নেতা রাফি উদ্দিন ফয়সাল, সাকিবুল হোসেন, মাহফুজ, ‘জিয়া সাইবার ফোর্সের’ সিনিয়র যুগ্ম সম্পাদক রাজিবুল ইসলাম, ছাত্রদল নেতা নুর হোসেন, শারিফুল, মোহান, মিসবাহ, রুবেল, মাসুসসহ মোহাম্মদপুর থানা বিএনপির নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত