স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ এএম

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির গাজী ও নিজড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফায়েকউজ্জামান মীনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, গত শুক্রবার রাতে জেলা শহরের কাঁচাবাজার এলাকা থেকে মনির গাজী ও নিজড়া গ্রামের বাড়ি থেকে ফায়েকউজ্জামান মীনাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজবাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। হামলাকারীরা স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখে। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর নিহত দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় দেড় হাজার ব্যক্তিকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত