আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে আলটিমেটাম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ এএম

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তী সরকারকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময়ের মধ্যে দাবিগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ২৯ ডিসেম্বর সচিবালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। গতকাল রবিবার বিকেল পৌনে ৫টার দিকে নতুন এ কর্মসূচি ঘোষণা করে কাকরাইল মসজিদ মোড়ের অবস্থান থেকে সরে যান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে তাদের দাবিগুলোর লিখিত কাগজ তুলে দেন সংগঠনটির নেতারা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার পাঠানো প্রতিনিধির কাছে আমাদের দাবি তুলে ধরেছি। তিনি আমাদের আশ^স্ত করেন, তিনি দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বর্তমান সরকারকে সাত দিন সময় দিচ্ছি। সাত দিনের মধ্যে আমাদের তিন দফা দাবি আদায়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে ২৯ ডিসেম্বর দুপুর ১টায় আমরা সচিবালয় ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করব।’

এর আগে দুপুর ১২টায় শাহবাগে আয়োজিত সমাবেশে তিন দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতারা। তাদের দাবিগুলো হলো ‘গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল; সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্তহত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার এবং প্রাইভেট বিশ^বিদ্যালয়সহ দেশের সব জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।’

দুপুর সাড়ে ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি মৎস্য ভবন হয়ে দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চেয়েছিলেন তারা। কিন্তু পুলিশের বাধার মুখে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে শুয়ে পড়েন মঞ্চের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত