কারা নির্বাচনে আসবে সিদ্ধান্ত ইসির : বদিউল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ এএম

নির্বাচনে কারা বা কোন দল অংশ নেবে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়ে প্রস্তাব দেওয়া। কারা নির্বাচনে আসবে বা আসবে না, কারা যোগ্য কিংবা যোগ্য নন সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আমাদের এখতিয়ারের বাইরে। সেটা নির্বাচন কমিশনকেই জিজ্ঞেস করবেন।’ গতকাল রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনব্যবস্থা সংস্কারসংক্রান্ত মতবিনিময় সভা শেষে সব দলের নির্বাচনে অংশগ্রহণ-সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন। সংস্কার কমিশনের অন্য দুই সদস্য তোফায়েল আহমেদ ও জেসমিন টুলী এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, ‘ইভিএমের আর প্রশ্নই আসে না। ওটা হবে না। নির্বাচন কমিশনও বলেছে, আমরাও একই মত দিয়েছি।’ সবাই সুষ্ঠু নির্বাচন চান উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘মানুষের মধ্যে যে আগ্রহ-উচ্ছ্বাস.. মানুষ আমাদের যেখানে দেখে দুটো কথা বলতে চায়। তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়। তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। যার মাধ্যমে গণতন্ত্র একটা শক্ত ভীতের ওপর দাঁড়াবে। এটা জন-আকাক্সক্ষা এবং আমাদেরও একই আকাক্সক্ষা। আমরা সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করছি। মানুষের কাছ থেকে যা শুনেছি এবং আমাদের জ্ঞানবুদ্ধি, অভিজ্ঞতা ব্যবহার করে কিছু প্রস্তাব দেব। কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়। আমরা আশা করছি রাজনৈতিক দল, সরকার এবং নির্বাচন কমিশন এগুলো বাস্তবায়ন করবে।’

হলফনামায় তথ্য গোপন প্রসঙ্গে নির্বাচন সংস্কার কমিশনপ্রধান বলেন, ‘প্রার্থীদের হলফনামায় অনেকরকম ভুয়া তথ্য থাকে, গোপনও করা হয়। আমরা এ বিষয়ে প্রস্তাব দেওয়ারও পরিকল্পনা করছি। আমাদের প্রস্তাবনা এখনো চূড়ান্ত হয়নি।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন বিশেষজ্ঞ ডা. মো. আবদুল আলীম ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত