হোয়াটসঅ্যাপ থেকেই ব্যবহার করা যাবে ওপেন এআইয়ের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি। বৃহস্পতিবার থেকে ফিচারটি চালুর খবর প্রতিবেদনে দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। কেউ ফোনের কনটাক্টস-এ ১ (৮০০) চ্যাটজিপিটি, অর্থাৎ ১ (৮০০) ২৪২-৮৪৮৭ নম্বরটি যোগ করলে মেটার মেসেজিং পরিষেবা থেকে সরাসরিই আলাপ করতে পারবেন চ্যাটজিপিটির সঙ্গে। এ ফিচারে কেবল চ্যাটজিপিটির টেক্সট ইনপুট ব্যবহার করা যাবে। ফলে, উন্নত ভয়েস মোড বা ভিজুয়াল ইনপুট ব্যবহার করা যাবে না এখান থেকে। তবে, চ্যাটজিপিটি ও১ মিনি মডেলের সব ফিচারই থাকবে এতে। পাশাপাশি, যেখানে চ্যাটিজিপিটি’র চ্যাটবট রয়েছে সেখানেই হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে, কোনো অ্যাকাউন্ট ছাড়াই। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ব্যবহারকারীদের প্রমাণীকরণের উপায় নিয়ে কাজ করছে ওপেন এআই। তবে, ফিচারটি কখন চালু হতে পারে তার জন্য কোম্পানিটি নির্দিষ্ট সময় জানায়নি। হোয়াটসঅ্যাপে মেটারও নিজস্ব চ্যাটবট রয়েছে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট। এ ছাড়া, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আলাদাভাবে একটি চ্যাটজিপিটি হটলাইট চালু করছে ওপেন এআই, এর নম্বরটিও একই। সম্ভবত টোল ফ্রি নম্বরটি স্মার্টফোন বা পুরনো ফ্লিপ ফোনেও কাজ করবে। ‘আমরা ওপেন এআইকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছি মাত্র।’ সাম্প্রতিক ‘১২ ডেইজ অফ ওপেন এআই’ নামের লাইভস্ট্রিম চলাকালে বলেছেন কোম্পানির চিফ প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল। ওয়েইলের মতে সম্প্রতি কোম্পানির আয়োজন করা হ্যাক উইক থেকেই ফিচার দুটি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
