বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি। খবর বাসসের
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে সভাপতি করে এ কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন সামরিক বাহিনীর দুজন, সিভিল সার্ভিসের একজন ও পুলিশের একজন কর্মকর্তা এবং ঢাকা বিশ^বিদ্যালয় ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের একজন করে শিক্ষক।
