বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এমন আকাঙ্ক্ষা প্রকাশ করার পর গ্রিনল্যান্ডে প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণে বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে ডেনমার্ক। খবর বিবিসির।
ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পাউলসেন জানিয়েছেন, এই নতুন প্যাকেজে অন্তত ১৫০ কোটি মার্কিন ডলার বরাদ্দ থাকবে। এই তহবিলের মাধ্যমে গ্রিনল্যান্ডে দুটি নতুন পরিদর্শন জাহাজ, দূরপাল্লার দুটি ড্রোন এবং দুটি অতিরিক্ত কুকুর টিম কেনা হবে। পাশাপাশি, নুকে অবস্থিত আর্কটিক কমান্ডের কর্মী সংখ্যা বৃদ্ধি এবং একটি বিমানবন্দর এফ-৩৫ যুদ্ধবিমান পরিচালনার জন্য উন্নত করা হবে।
তিনি বলেছেন, আমরা বহু বছর ধরে আর্কটিকে প্রয়োজনীয় বিনিয়োগ করিনি। এখন সেখানে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছি।
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন ২১ লাখ ৬৬ হাজার ৮৬ বর্গকিলোমিটার, যার জনসংখ্যা মাত্র ৫৬ হাজার ৫৮৩ জন। এই জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই ইনুইট জাতিগোষ্ঠীভুক্ত। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা অঞ্চলে হলেও এই দ্বীপটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্ত্বশাসিত প্রদেশ। এ দ্বীপের বাসিন্দারাও ডেনমার্ক এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক।
গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। উত্তর আমেরিকা থেকে ইউরোপে সংক্ষিপ্ততম পথের কারণে এবং প্রচুর খনিজ সম্পদ থাকার কারণে এটি যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এর আগে গত সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, “সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে যে, গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অত্যাবশ্যক।”
এদিকে ট্রাম্প এই পোস্ট দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেডে বলেন, “গ্রিনল্যান্ড আমাদের। আমরা বিক্রির জন্য নই এবং কখনও এমনটা ঘটবে না। দীর্ঘদিন ধরে আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছি এবং নিশ্চিতভাবেই তা আমরা বৃথা যেতে দেব না।”
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। সে সময় ডেনমার্কের তৎকালীন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এটিকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছিলেন। ওই মন্তব্যের পর ট্রাম্প ডেনমার্কে তার নির্ধারিত সফর বাতিল করেছিলেন।
শিক্ষিকাকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক বরখাস্ত
ঢাকা কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ