গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকার এমএম গার্মেন্টসের বিপরীত পাশে মাজারসংলগ্ন শহীদ কাজী, মেরাজ হোসেন ও খুশি বেগমের টিনশেডের তিনটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কোনাবাড়ী ও চৌরাস্তার মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বাড়ির ৫৭টি কক্ষে থাকা ভাড়াটিয়া ও বাড়ির মালিকের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক সাইফুল ইসলাম এ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
