দুই মহাদেশে বনেদি লড়াইয়ে ভারত-পাকিস্তান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম

বড়দিন চলে গেলেও আমেজে কোনো ভাটা পড়েনি। পাশ্চাত্য মতে আজ বক্সিং ডে। এই দিনে মেলবোর্ন আর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট খেলতে নামছে এশিয়ার দুই দেশ ভারত এবং পাকিস্তান। গুগল ম্যাপের হিসাবে অস্ট্রেলিয়া এবং আফ্রিকা মহাদেশের দূরত্ব ১০ হাজার ৫০০ কিলোমিটারেও বেশি। আজ থেকে মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। একই দিনে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তান। মজার ব্যাপার হলো, গত বছরের এই দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছে ভারত, আর পাকিস্তান খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বোর্ডার-গাভাস্কার ট্রফির তিন ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা। পার্থে প্রথম টেস্টে দাপটে জিতেছিল ভারত। পরের টেস্টে হেরেছে বাজেভাবে। তৃতীয় টেস্ট বৃষ্টির কল্যাণে ড্র হওয়ায় দুই দলের সামনেই সিরিজ জয়ের সুযোগ। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াই তো আছেই। এই টেস্ট হারলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে যাবে গত দুবারের ফাইনালিস্ট ভারত। অস্ট্রেলিয়ার জন্য সুসংবাদ হলো, চলতি সিরিজে দুই সেঞ্চুরি করা ট্রাভিস হেড পেশির চোট থেকে সেরে উঠেছেন। মেলবোর্নে খেলার জন্য তিনি প্রস্তুত। ব্যাট হাতে ব্যর্থ ওপেনার নাথান ম্যাকসুইনির জায়গায় অভিষেক হতে যাচ্ছে স্যাম কনস্টাসের।

বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টে আম্পায়ারের দায়িত্বে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চতুর্থ ম্যাচের আগে ভারতের বড় দুশ্চিন্তা ব্যাটারদের ফর্মহীনতা। বিশেষ করে দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি আর অধিনায়ক রোহিত শর্মা একেবারেই ফর্মে নেই। ওপেনিং থেকে মিডল অর্ডারে নেমে গিয়েও রান পাচ্ছেন না রোহিত। তাছাড়া বিরাট কোহলি পার্থে সেঞ্চুরি করলেও পরের ইনিংসগুলোয় আর রান পাননি। একই সমস্যায় আছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ইনিংস শুরু করতে নেমে দ্রুত আউট হওয়ায় মিডল অর্ডারে চাপ বেড়ে যাচ্ছে। যদিও এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলেই মনে করছেন রোহিত শর্মা।

অবশ্য অজি অধিনায়ক প্যাট কামিন্স মনে করেন, রোহিত-কোহলিরা যেকোনো সময় ফর্মে ফিরতে পারেন। তাই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করেন সতীর্থদের, ‘ওরা সবাই খুব ভালো ক্রিকেটার। তাই যেকোনো সময় ফর্মে ফিরতে পারে। আমরা অবশ্যই চাইব তারা যেন রান না পায়। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কয়েক বছর আগে মেলবোর্নে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। যতদূর মনে পড়ে, আজিঙ্কা রাহানে সেঞ্চুরি করেছিল।’

সেঞ্চুরিয়নে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা। এর আগে ওয়ানডে সিরিজে পাকিস্তান তো রীতিমতো ইতিহাস গড়ে ফেলেছে। দক্ষিণ আফ্রিকাকে তারা প্রথমবার হোয়াইটওয়াশ করে দিয়েছে ৫০০ ওভারের ম্যাচে! ফরম্যাট ভিন্ন হলেও এই সাফল্য নিশ্চিতভাবেই শান মাসুদের দলকে চাঙ্গা রাখবে। যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলে মাত্র দুটিতে জিতেছে পাকিস্তান। বিশ্ব চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে দক্ষিণ আফ্রিকা মাত্র ১২টি টেস্ট খেলার সুযোগ পেয়েছে এবং প্রতিটি ছিল দুই ম্যাচের সিরিজ। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে, যা সর্বনিম্ন।

অন্যদিকে পেস আক্রমণে পাকিস্তানকে ঘায়েল করার পরিকল্পনা করছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, ‘সেঞ্চুরিয়নে আমরা পেসারদের দলে ফিরিয়েছি। আমরা জানি আমাদের সামনে কী সুযোগ অপেক্ষা করছে। আমরা আত্মবিশ্বাসী। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি, তাতে নিজেদের ওপর আস্থা আছে। কোনো দুর্ঘটনা না ঘটলে পরিস্থিতি অনুকূলেই থাকবে।’

এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হতে যাচ্ছে ৩০ বছর বয়সী প্রোটিয়া পেসার করবিন বোশের। গত রবিবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে তিনি ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন। তবে বিস্ময়করভাবে এই সিরিজে খেলছেন না পাকিস্তানের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। কারণ হিসেবে বলা হয়েছে ‘ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট’। চ্যাম্পিয়নস ট্রফিতে শাহিনকে পুরোপুরি ফিট অবস্থায় পেতে চায় পাকিস্তান। কিন্তু শাহিন শাহ আফ্রিদি এই সময়ে ফরচুন বরিশালের হয়ে খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে! প্রথম সারির চারটি দল ছাড়াও আজ থেকে লাল বলের ক্রিকেটে মাঠে নামছে জিম্বাবুয়ে আর আফগানিস্তান। দুই টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। এর আগে জিম্বাবুয়েকে তাদের মাটিতেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে আফগানিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত