কাকরাইল মসজিদে সাদপন্থিদের নিষেধাজ্ঞা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ এএম

তাবলিগ জামাতের মারকাজ কাকরাইল মসজিদে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সাদপন্থিদের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদপন্থিদের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

নির্দেশনায় বলা হয়, কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) ও অন্যান্য কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলার যাতে কোনো রকম অবনতি না ঘটে, সে মর্মে এই আদেশে জারি করা হয়েছে। আদেশে আজ শুক্রবার তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের কোনোরকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের ২৭ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন)-সহ সব তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, তাবলিগ জামাতের সাদপন্থিদের নিষিদ্ধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে কাকরাইল মসজিদে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে শুরায়ী নেজামের অনুসারীরা অনির্দিষ্টকালের জন্য কাকরাইল ও তার আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত