অভিযোগ রিজভীর

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দল গঠনের চেষ্টা চালাচ্ছে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ এএম

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘কারা নির্বাচিত হবে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এ আত্মত্যাগের কী দাম থাকবে।’ গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (রুনেসা) উদ্যোগে ‘রক্তাক্ত মতিহার রিজভী আহমেদ’ ২২ ডিসেম্বর ’৮৪ স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

‘কারা কোন রাজনৈতিক দল করবেন সেটা যদি কেউ ঠিক করে দেয় তাহলে শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কী থাকল তা নিয়ে প্রশ্ন করে রিজভী বলেন, ‘দেশের মানুষ এসব মেনে নেবে না। মইনুদ্দিন, ফখরুদ্দিন, এরশাদ ও হাসিনার মতো একই সংস্কৃতি পুনরাবৃত্তি যদি হয়, তাহলে পরিবর্তন কোথায় এলো? সংস্কারের যে কী রূপ হবে, কোনো দিকে যাবে তা ঠিক বোঝা যাচ্ছে না।’ তিনি বলেন, ‘বিএনপিকে ভাঙার জন্য এ সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কি না, তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে।’

সচিবালয়ে আগুনের ঘটনা নিয়ে রিজভী বলেন, ‘সরকার, শেখ হাসিনার ও তার দোসরদের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এ কারণে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।’ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের কমিটির গঠন করে তদন্তের দাবি জানান রিজভী আহমেদ। তিনি বলেন, ‘শেখ হাসিনার কালা-কানুনের বিরুদ্ধে বিএনপিসহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই। সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রুটটি দেখছি, তাতে ভালো কিছু নেই।’

তিনি বলেন, ‘ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কীভাবে। পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা চলেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধু ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে।’

সংগঠনের সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিন, রুনেসার সম্পাদক মল্লিক মো. মোকাম্মেল কবীর এবং মনিরুজ্জামান মানিকসহ সংগঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত