সচিবালয়ে আগুন বিচ্ছিন্ন ঘটনা নয় : রিজভী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ এএম

সচিবালয়ের অগ্নিকান্ড বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘জাতীয়তাবাদী ৮৮ এসএসসি ব্যাচ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই সচিবালয়ে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এখনো বিভিন্ন উপায়ে গণতন্ত্রবিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা নানাভাবে কাজ করছে। একটির পর একটি ঘটনা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে, আতঙ্কিত করছে। উদ্বেগ ও উৎকণ্ঠায় নিমজ্জিত রাখছে। সচিবালয় চারদিক বেষ্টিত একটি সরকারি দপ্তর। সেখানে আগুনে ভস্মীভূত হয়ে গেছে অনেক ফাইল। তার মধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক কেবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে তার ফাইলও পুড়ে গেছে। এটা তো রহস্যজনক। আজকে সারা দেশের মানুষ সন্দেহ  পোষণ করছে। কারণ বুধবার দেখেছি শেখ হাসিনার নিকটজনদের বেশ কিছু ফাইল তলব করেছেন অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা। এর ফলেই এই ধরনের ঘটনা সচিবালয়ে ঘটেছে। এসব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়।’ 

অন্তর্র্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়নি। বিপ্লবীক চেতনা নিয়ে, ছাত্র-জনতার আহুতির স্পিরিটকে লালন করে প্রশাসন সাজানো হয়নি। সেই শেখ হাসিনার দোসর ও আওয়ামী লীগকে যারা লালন পালন করে ও সহযোহিতা করেছে, মুজিব কোট পরে ওসি ও এসপির দায়িত্ব পালন করেছেন, তারাই আজকে সচিবালয়ের বিভিন্ন পদে বসে আছেন। তারা অন্তর্র্বর্তী সরকারকে সহযোগিতা করবে কেন?  তারা গণতন্ত্রের বিপ্লবকে ধারণ করবে কেন? তারা নানা কারসাজির মধ্যে দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে।’

রিজভী বলেন, ‘নির্বাচন তো গণতন্ত্রের একটা অনুষঙ্গ। আপনারা (অন্তর্র্বর্তী সরকার) একটাকে মাইনাস করছেন কেন? সংস্কার চলবে, নির্বাচন চলবে। আপনাদের নিজ নিজ অভিমতগুলো পেশ করবেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দেবে, তারা সেই সংস্কার নিয়ে কাজ করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত