রহমতের ডাবল আর শাহিদির সেঞ্চুরিতে সর্বোচ্চ টেস্ট জুটি পেলো আফগানরা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম

২০২১ সালে আবুধাবিতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই আফগানদের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন হাসমতউল্লাহ শাহিদি। এবার তিনিই অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখলেন রহমত শাহের এই মর্যাদাপূর্ণ কীর্তি গড়ার। ৩৭১ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন রহমত। বনে যান আফগানদের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংস উপহার দেওয়া ব্যাটসম্যান। শাহিদিও তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

এ দুজন মিলে গড়েছেন আরেকটি কীর্তি, টেস্টে আফগানদের সর্বোচ্চ জুটির। ২০২১ সালে আসগর আফগানের সঙ্গে শাহিদিরই গড়া ৩০৭ রানের জুটিটি ছিলো এতোদিন শীর্ষে। সেটিকে ছাপিয়ে এ দুজন  তৃতীয় দিন শেষে করে ফেলেছেন ৩৬১ রানের অবিচ্ছিন্ন জুটি। রহমত শাহের ব্যাট থেকে এসেছে ২৩ চার ও ৩ ছক্কায় ২৩১ রান। অন্য প্রান্তে শাহিদি অপরাজিত আছেন ১৬ চারে ১৪১ রান করে। আফগানদের দলীয় স্কোর ২ উইকেটে ৪২৫ রান।

বুলাওয়েতে বক্সিং টেস্টে শাহিদি যখন ক্রিজে নামেন তখন আফগানদের রান ২ উইকেটে ৬৪। সেখান থেকে এ দুজনের তিনশোর্ধ্ব জুটিতে ফলোঅন এড়িয়ে দারুণ জবাব দিচ্ছে আফগানিস্তান। প্রথম ইনিংসে শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন ও ব্রায়ান বেনেটের সেঞ্চুরি এবং বেন কারেনের ফিফটিতে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৫৮৬ রান তোলে জিম্বাবুয়ে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত