৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে গতকাল সোমবার আবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন ১৬৮ প্রার্থী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে হবে।
এর আগে গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়লেন ১৬৮ জন।
এদিকে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ১ হাজার ৮৬০ প্রার্থীর ভাইভা আগামী ৫ জানুয়ারি থেকে নেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। প্রথম ধাপে এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মধ্যে কারিগরি ও পেশাগত ক্যাডারের ৫৪৪ জন প্রার্থীর ভাইভা গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। তাদের ভাইভা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। আর দ্বিতীয় ধাপে ১ হাজার ৮৬০ প্রার্থীর ভাইভা নেওয়া হবে।
