রাজধানীতে বাসা থেকে নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম

রাজধানীর ঝিগাতলা এলাকার একটি বাসা থেকে সোনালী ব্যাংকের এক নারী কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। কাজী সুরাইয়া (৫২) নামে ওই নারী সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস (ঢাকা ওয়েস্ট) এর এজিএম হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার বিকেলে হাজারিবাগ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত কাজী সুরাইয়ার ছোট ভাই কাজী আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের বাড়ি ঢাকার সাভার উপজেলায়। সুরাইয়ার স্বামী মিজানুর রহমানের সাথে অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে তার বোনের। এরপর থেকে একমাত্র মেয়েকে নিয়ে ঝিগাতলায় মায়ের সাথে থাকতেন সুরাইয়া। চলতি বছরের মে মাসে তার স্ট্রোক হয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঠিকমতো অফিসেও যেতেন না।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে তার মা যখন পাশের রুমে কাজ করছিলেন, তখন নিজের রুমে গ্রিলের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন সুরাইয়া। কিছুক্ষণ পর তার মা তার রুমে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান এবং স্বজনদের খবর দেন। তবে তার মৃত্যুর বিষয়টি বুঝতে পারায় লাশ বাসায় রাখেন। পরবর্তীতে থানায় খবর দেন তারা।

এ বিষয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্বজনদের জিজ্ঞাসাবাদে এটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে তিনি ডিপ্রেশনে ছিলেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত