হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহীদের অভিযানে সিরিয়ায় পতন হয়েছে আসাদ পরিবারের দীর্ঘ ৫৪ বছরের শাসন। দায়িত্ব নিয়েছে বিদ্রোহীদের নেতা আহমদ আল-শারার
নেতৃত্বাধীন নতুন প্রশাসন। তারা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হিসেবে এক নারীকে নিয়োগ দিয়েছে। এবার সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবেও দায়িত্ব পেলেন এক নারী। এর মধ্য দিয়ে দেশটিতে ৭০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো নারী কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দিতে যাচ্ছেন।
আলজাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক মাসরিফ সুরিয়া আল-মারকাজি বা সিবিএসের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া ওই নারীর নাম মাইসা সাবরিন। তিনি এই ব্যাংকেরই সাবেক ডেপুটি গভর্নর।
ব্যাংক খাতে ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে মাইসার। তিনি কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের কর্মী। বিশেষ করে দেশটির ব্যাংক খাতের তদারকির কাজটি করে আসছিলেন তিনি।
সিবিএসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দামেস্ক ইউনিভার্সিটি থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন মাইসা। ২০১৮ সাল থেকে দামেস্ক সিকিউরিটিজ এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে সদস্য হিসেবে রয়েছেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে এ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এবং এর অফিস কন্ট্রোল ডিভিশনের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী গভর্নর মোহাম্মদ ইসসাম হাজিমের স্থলাভিষিক্ত হবেন মাইসা। ইসসামকে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০২১ সালে এ পদে নিয়োগ দিয়েছিলেন।
সিরিয়ার অর্থনীতি ব্যাপকভাবে রাষ্ট্রনিয়ন্ত্রিত। বিদ্রোহীরা ক্ষমতা গ্রহণের পর এটিকে উদারনৈতিক করার পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে আমদানি-রপ্তানির জন্য আগাম অনুমোদন এবং বিদেশি মুদ্রা ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ তুলে নেওয়া। এরপরও সিরিয়া ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক এখনো যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।
