অন্তর্র্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অতিদ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করতে হবে।’ গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে ঢাকার বাইরে কর্মসূচি পালন করতে গিয়ে পাবনার বেড়ায় ও পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেড়ায় অন্তত ৩০ জন আহত হয়েছে। এর আগে সকালে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়।’
আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘ন্যূনতম যে সংস্কারগুলো করার, সেগুলো শেষ করে সরকারের নির্বাচনের ব্যবস্থা করা উচিত। যে সংকট, তা সমাধান হতে পারে একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে। চক্রান্ত আবার শুরু হয়েছে। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে; কিন্তু ভেঙে ফেলতে পারিনি। বিএনপির রাজনীতি এ দেশের জনগণের রাজনীতি। আজকে যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছেন। ৩১ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন।’
সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন। বাকশাল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এনেছেন। আমরা মনে করি, সংস্কার চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘিœত করবে।’ তিনি বলেন, ‘দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করছেন, সেই নেতাকে দূরে সরিয়ে রাখতে চাইছে চক্রান্তের মাধ্যমে। কোনোভাবে দেশের মানুষ তা হতে দেবে না। চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।’
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশ নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে মঈন খান : সকালে জিয়ার মাজারে মঈন খান বলেন, ‘এই দেশ নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। তারা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণ করবে। তারা লেখাপড়া শেষ করে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। যারা এখনো পড়াশোনা শেষ করেনি, তারা ক্যাম্পাসে ফিরে যাবে। দেশ পরিচালনার গুরুদায়িত্বের জন্য তারা প্রস্তুতি নেবে। তারা জনগণের ভোটের অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।’ তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কখনো থেমে থাকে না। আগে সংস্কার, পরে নির্বাচন এ কথার কোনো অর্থ নেই। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার, প্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন সংস্কারসহ অত্যাবশ্যকীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। বিগত তিন টার্ম নতুন প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। আশা করি, সমন্বয়ের মাধ্যমে অতিদ্রুত নির্বাচনের কাজ শেষ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির অসংখ্য নেতাকর্মী।
পাবনা প্রতিনিধি জানিয়েছেন, পাবনার বেড়া উপজেলায় তুচ্ছ ঘটনায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টা চলা সংঘর্ষে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে ৩০ জন আহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বেড়া বাজার এলাকার কাদের ডাক্তারের মোড়ে এ ঘটনা ঘটে।
বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনায় সংঘর্ষে লিপ্ত হন তারা। এরপর এটি সংঘর্ষে রূপ নেয়। সেনাবাহিনী এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেনাবাহিনীর সঙ্গে আমিনপুর ও সাঁথিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে ভা-ারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন গ্রুপের অনুসারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজার নেতৃত্বে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। ভান্ডারিয়া উপজেলা রিজার্ভ পুকুর পাড়ে পৌঁছালে আহম্মেদ সোহেল মঞ্জুর সুমনের অন্য অনুসারী গ্রুপের উপজেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক আবুল কালাম মল্লিক, যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব শামীম হাওলাদার, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি মোল্লা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম শাহিরাজের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মাহতাব উদ্দিন সজীব বেপারি, বাকি বেপারি, নবীন ফরাজী, সুজন বেপারি ও লোকমান সরদার আহত হন বলে দাবি করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা। এ সময় ভা-ারিয়া থানার ওসি আহমেদ আনওয়ারের নেতৃত্বে পুলিশ উভয় গ্রুপকে দুদিকে সরিয়ে দেয়।
