ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:২২ এএম

সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ডিসেম্বরে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ। ২০২৩ ডিসেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৯৩ কোটি ৯ লাখ ডলার। ডিসেম্বর মাসে মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ কোটি ৫ লাখ ডলারে। আর ২০২৩ সালে এ আয় ছিল ৩২১ কোটি ৪ লাখ ডলার। তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৮৯ কোটি ১৮ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ১৬ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এ ছাড়া ১৮৭ কোটি ৮৭ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১৮ দশমিক শূন্য ৬ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, ডিসেম্বরে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য এবং হোম টেক্সটাইলের রপ্তানি বেড়েছে। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ২০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩৯ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ। ডিসেম্বরে রপ্তানি হয়েছে ১১ কোটি ৯ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এ ছাড়া কৃষি পণ্যের রপ্তানি আয় ১৪ দশমিক ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ১ লাখ ডলারে।

এদিকে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে তৈরি পোশাক, ওষুধ, চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ২ হাজার ৪৫৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮৪ শতাংশ বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত