তদবির বন্ধে সচিবদের তথ্য উপদেষ্টার আধা-সরকারিপত্র

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ এএম

সরকারি দপ্তরে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে আধা-সরকারিপত্র দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে।’

আধা-সরকারিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ-সংবলিত আবেদন দাখিল করা হচ্ছে, যা ইতিমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর-সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার স্বাক্ষর নকল বা জাল করে কোনো আবেদন দাখিল করা হলে, তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব (উপসচিব) র. হ. ম. আলাওল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

আধা-সরকারিপত্রে আরও জানানো হয়েছে, জনগণের আশা-আকাক্সক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত