‘ফুলের মতন আপনি ফোটাও গান’ স্লোগান নিয়ে শুরু হওয়া মাসব্যাপী ফুল উৎসবে চট্টগ্রামের ডিসি ফ্লাওয়ার পার্কে ছড়াচ্ছে দেশি-বিদেশি বাহারি ফুলের সুবাস। মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশিদ শনিবার এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবে স্থান পেয়েছে ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুল। উদ্বোধনী দিনেই সেখানে ভিড় জমেছে ফুলপ্রেমীদের। নানা বয়সের নারী পুরুষ ও শিশুরা আনন্দের ভেলায় মজেছে সেখানে। কেউ নিচ্ছে রকমারি ফুলের সুবাস আবার কেউ ব্যস্ত ফটোসেশনে।
জেলা প্রশাসন সূত্র জানায়, এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদদের উদ্দেশ্যে। এ লক্ষ্যে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে গণঅভ্যুত্থান কর্ণার।
এছাড়া ফুল উৎসব উপলক্ষ্যে থাকছে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ইত্যাদি। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ভাসমান ফ্লাওয়ার গার্ডেন।
বঙ্গোপসাগর তীরের আজকের ডিসি পার্কের স্থানটি একসময় ছিল মাদকসেরীদের আখড়া। সন্ধ্যা হতেই এলাকাটি হয়ে উঠত ভয়ংকর। সেখানে ছিল মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আড্ডা। দুই বছর আগে জেলা প্রশাসনের উদ্যোগে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে সেখানে উদ্ধার করা হয় ১৯৪ একর খাসজমি। এরপর প্রয়োজনীয় সংস্কার শেষে সেখানে প্রতিষ্ঠা করা হয় ডিসি ফ্লাওয়ার পার্ক।
চট্টগ্রাম ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রিপরষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিয়ের ছবি প্রকাশ করলেন তাহসান
সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ