ফরিদপুরে বস্তাবন্দি গলা কাটা অবস্থায় হালিম শেখ (২৫) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল শনিবার দুপুরে শহরের গুহলক্ষ্মীপুর মডেল টাউন এলাকার একটি বাড়ি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। নিহত হালিম শেখ শহরের মধ্যে আলীপুর এলাকার মৃত আবদুর রব শেখের ছেলে। এ নিয়ে দুদিনে দুই রিকশাচালকের লাশ উদ্ধার করল পুলিশ। তাদের দুজনকেই হত্যা করে রিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানান, গত মঙ্গলবার বিকেলে হালিম বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন। এ সময় তার সঙ্গে রনি নামের এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর থেকে তিনি নিখোঁজ হন। হালিমকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা গত শুক্রবার কোতোয়ালি থানায় একটি জিডি করেন। পরে হালিমের পরিবারের সদস্যরা গুহলক্ষ্মীপুর মডেল টাউন এলাকায় রনির খোঁজ পান। সেখানে গিয়ে রনির স্ত্রীর কথায় তাদের সন্দেহ হয়।
গতকাল শনিবার সকালে হালিমের স্বজনরা ফের রনির ভাড়া বাড়িতে গিয়ে তল্লাশি করে একটি তালাবদ্ধ ঘরে রিকশাটি দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ঘরের পেছন থেকে বস্তাবন্দি মাটিতে পুঁতে রাখা হালিমের লাশ উদ্ধার করে। রনি পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য রনির স্ত্রীকে থানায় নেয় পুলিশ।
