সখীপুরে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির হিড়িক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ এএম

টাঙ্গাইলের সখীপুরে ইরি-বোরো মৌসুমের শুরুতেই গভীর নলকূপের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির হিড়িক পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় গভীর নলকূপের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির খবর পাওয়া যাচ্ছে। এতে সেচপাম্প এলাকার কৃষকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট এলাকাবাসী ও পিডিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সংঘবদ্ধ চোরচক্র সখীপুর পিডিবির কচুয়া ও বড়চওনা ফিডারের আওতাধীন এলাকা থেকে গত এক সপ্তাহে ১৪-১৫টি গভীর নলকূপের ট্রান্সফরমারের তারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। ফলে এসব নলকূপের আওতাধীন এলাকার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ভোগান্তিতে পড়েছেন। এ অবস্থায় গভীর নলকূপের মালিক-ম্যানেজাররাও চিন্তিত হয়ে পড়েছেন।

যেসব এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে, সেগুলো হলো কচুয়া-কালিয়া সীমান্ত মোড়, মকরম চৌরাস্তা, মুচারিয়া পাথার, তৈলধারা ফিডার এলাকা ও তক্তারচালা।

জানা যায়, সম্প্রতি সখীপুরে পিডিবির ট্রান্সফরমার চোরের একটি চক্র সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার চুরি করছে। চোররা মাইক্রোবাস, ছোট ট্রাক নিয়ে এসে খোলস ফেলে ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে। ট্রান্সফরমার চুরি ঠেকাতে অনেক এলাকায় কৃষকরা রাত জেগে পাহারা দিচ্ছেন। উপজেলা জুড়েই কৃষকদের মধ্যে ট্রান্সফরমার ও এর যন্ত্রাংশ চুরির আতঙ্ক বিরাজ করছে।

চুরি হওয়া ট্রান্সফরমারের স্থলে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য ভর্তুকির টাকা জোগাতে হিমশিম খাচ্ছেন অনেক বিদ্যুৎ গ্রাহক। পিডিবির সখীপুর ফিডারের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী শামছুল আলম জানান, সংঘবদ্ধ চোরচক্র গভীর নলকূপের জন্য স্থাপিত ট্রান্সফরমারের লোপ তার চুরি করে। কারণ সেখানে গভীর রাতে মানুষ থাকে না। আর লোপ তার অনেক দামি। এ তারগুলোর ভেতরের অংশ তামার। সখীপুর পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন, ‘আমিও বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির খবর পাচ্ছি। যেসব এলাকার ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি হয়েছে, সব উপকরণ দিয়ে ট্রান্সফরমারগুলো সচল করে দিচ্ছি। চুরির বিষয়ে থানায় জিডি করা হয়েছে। এ ছাড়া এলাকাবাসীকে সচেতন করার জন্য বিদ্যুৎ বিভাগ থেকে মাইকিং করা হচ্ছে। চোর ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে।’ সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত