১৫ পুলিশকে পিটিয়ে হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ গ্রেপ্তার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:২১ এএম

আওয়ামী লীগ নেতা ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে দেশব্যাপী আলোচিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা, অগ্নিসংযোগ ও আগ্নেয়াস্ত্র লুণ্ঠন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লার বাড়ি থেকে যৌথ বাহিনী তাকে আটক করে। গত ৪ আগস্ট সরকার পতনের আগের দিন এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যার ঘটনা ঘটে। সে ঘটনার প্রায় পাঁচ মাস পর ওই ঘটনায় হওয়া মামলার ‘সন্দেহভাজন’ আসামি হিসেবে লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটিতে এনায়েতপুর থানার চার আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাড়ে ছয় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে এ মামলায় সন্দেহভাজন হিসেবে উপজেলা চেয়ারম্যানপ্রার্থী এনায়েতপুর থানার আজুগরা গ্রামের বদিউজ্জামান ফকির ও ছালাম ফকিরের বড় ভাই মান্নান ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, যৌথ বাহিনীর একটি দল আবদুল লতিফ বিশ্বাসকে রবিবার দুপুরে তার গ্রামের বাড়ি থেকে আটক করেছে। এরপর তাকে জেলা সদরের সেনাক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এনায়েতপুর থানার ১৫ পুলিশ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক অন্যান্য মন্ত্রী-এমপি ও নেতাকর্মী নিজ নিজ এলাকা থেকে সটকে পড়লেও প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ বিশ^াস নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে তিনি দুবার এমপি নির্বাচিত হলেও নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। তারপরও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আবদুল লতিফ বিশ্বাসের সহধর্মিণী বেগম আশানুর বিশ্বাস বলেন, ‘আমার স্বামী একজন প্রবীণ রাজনীতিবিদ। যতদূর জানি তার নামে উল্লেখযোগ্য কোনো মামলা নেই। নিজের লাইসেন্সকৃত দুটি অস্ত্র ও গোলাবারুদ সরকারের ঘোষিত সময়ের মধ্যেই থানায় জমা দেওয়া হয়। তারপরও আমার স্বামী স্থানীয় রাজনৈতিক রোষানল ও ষড়যন্ত্রের শিকার হলেন।’

বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা এবং ১৫ পুলিশ হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত