পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের জন্য ভালো হবে: চরমোনাই পীর

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরাসহ অন্যান্য রাজনৈতিক দল গুলো আগামী নির্বাচনে পিআর পদ্ধতির নির্বাচন চাই। বিএনপি পিআর পদ্ধতির নির্বাচন চায় না। দলটি মনে করে এই পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। বিএনপির এ ধারণা ভুল। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের জন্য ভালো হবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর জামিয়া কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশে এক শ্রেণির দল ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় যেতে চায়। ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে একটি স্বার্থান্বেষী মহল বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে। এবার সেই পরিবর্তনের সময় এসেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিদায়ের পরে সাধারণ মানুষদের নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও বাসা বাড়ি পাহারা দিয়েছে। অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা লুটপাটের মেতে উঠেছে। 

মুহাম্মদ রবিউল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সেলিম মাহমুদ প্রমুখ।

 সম্মেলন শেষে প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও ইয়াছিন মিয়াজিকে সাধারণ সম্পাদক পদে রেখে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত