ঐতিহাসিক ১০ জানুয়ারি আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই নেতা পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
বাঙালি জাতি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মাধ্যমে সে বিজয় পূর্ণতা লাভ করে। তাকে ফিরে পেয়ে সেদিন সাড়ে সাত কোটি বাঙালি আনন্দাশ্রুতে সিক্ত হয়।
দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে বির্জয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রশ্নে বাঙালি জাতি যখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি তখন দেশে প্রত্যাবর্তন করেন শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ২৬ মার্চের প্রথম প্রহরে তাকে গ্রেপ্তার করা হয়। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে গুনতে লন্ডন-দিল্লি হয়ে মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে ফিরে আসেন তিনি। প্রতিবছর নানা আয়োজনে দিনটি পালন করা হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর এবার ভিন্ন পরিস্থিতিতে পালিত হচ্ছে দিনটি। আওয়ামী লীগ এবারও এ দিন উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে।
