জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, শৃঙ্খলা এবং নিয়োগের ক্ষেত্রে উচ্চপর্যায়ের কমিটির পরামর্শ নিতে হবে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টাদের সমন্বয়ে উচ্চপর্যায়ের তিনটি কমিটি গঠন করেছে সরকার। এখন থেকে তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির আগে এসব কমিটির পরামর্শ নিতে হবে। এতদিন নিজ নিজ মন্ত্রণালয় কর্মকর্তাদের বদলি ও নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিত। গতকাল বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠনের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্মকর্তাদের তদবির ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব কমিটির পরামর্শ নিতে গিয়ে নিয়োগ-বদলির প্রক্রিয়া বিলম্ব হতে পারে বলে কেউ কেউ মনে করছেন।
জনপ্রশাসনবিষয়ক কমিটি : প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে ছয় সদস্যের ‘জনপ্রশাসনবিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে।
কমিটির অন্য সদস্যরা হলেনশ্ব সড়ক ও যোগাযোগ, রেল এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব। কমিটির সদস্য সচিব তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইতে পারবে।
সাত সদস্যের আইনশৃঙ্খলাবিষয়ক কমিটি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে সাত সদস্যের ‘আইনশৃঙ্খলাবিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেনশ্ব আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শক। কমিটির সদস্য সচিব নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তদূর্ধ্ব স্তরে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইতে পারবে। এ কমিটি সংশ্লিষ্ট স্তরের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এ কমিটি সংশ্লিষ্ট স্তরের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে।
পররাষ্ট্রবিষয়ক কমিটিতে পাঁচ সদস্য : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, সমপর্যায়ের অন্যান্য ও তদূর্ধ্ব পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত পরামর্শ দিতে পররাষ্ট্রবিষয়ক কমিটি গঠন করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেনশ্ব শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান ও পররাষ্ট্র সচিব। কমিটিতে সদস্য সচিব থাকবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, এ কমিটি মহাপরিচালক, সমপর্যায়ের অন্য ও তদূর্ধ্ব পদে কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
