দাবানলে ক্ষতিগ্রস্তদের ১৮৩ কোটি অনুদান

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কবলে পড়ে ঘরছাড়া বহু হলিউড তারকা। দাবালনের কারণে বাতিল হয়েছে হলিউডের বেশ কিছু ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিংসহ নানান অনুষ্ঠান। জানা যাচ্ছে, এই ভয়াবহ দাবানলের কারণে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। বহু হলিউড তারকাই সুন্দর এই পাহাড়ি এলাকায় কোটি কোটি মার্কিন ডলার খরচ করে বাড়ি বানিয়েছিলেন। এখন সেসব বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

এর মধ্যেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস। এবার বড় অঙ্কের অনুদানের ঘোষণা দিল প্রভাবশালী স্টুডিও ডিজনি।

বিনোদনবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, গত শুক্রবার ১৫ মিলিয়ন ডলার বা ১৮৩ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি। ডিজনির এই অনুদান যাবে লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায়।

ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সব কর্মচারী দুর্ভাগ্যজনক এ ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করবে।’

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, আরেকটি প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার অনুদানের ঘোষণ দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, দাবানলের ঘটনায় তারা ভীষণভাবে মর্মাহত। এ ঘটনায় যাদের জানমালের ক্ষতি হয়েছে, তাদের প্রতি প্রতিষ্ঠানটির পূর্ণ সমবেদনা আছে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলেও বিবৃতিতে উল্লেখ করে প্যারামাউন্ট গ্লোবাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত