সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলা সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হিসেবে প্রতিবেদন দিয়েছিলেন আম্পায়াররা। যার ফলে ইংল্যান্ডে লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে একটি স্বাধীন পর্যবেক্ষণ শেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। এই ঘোষণার ফলে আইসিসি সদস্য দেশগুলোর আয়োজিত এবং অনুমোদিত ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করার বৈধতা হারিয়েছিলেন সাকিব।

গত মাসে ভারতের চেন্নাইতে শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে সাকিবের বোলিং অ্যাকশনের আরেকটি পর্যবেক্ষণ সম্পন্ন হয়। এখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া যায়। ফলে সাকিব বোলিং করার বৈধতা হারিয়েছেন। এর ফলে ইসিবির দেওয়া নিষেধাজ্ঞাই বহাল থাকছে।

পরপর দুটি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আগামী এক বছর আর কোনো ধরনের পরীক্ষায় অংশ নিতে পারবেন না সাকিব। এই সময় পর আবার পরীক্ষা দিয়ে তাকে সফল হতে হবে, তবেই আবার বল করতে পারবেন। তবে ঘরোয়া এবং আন্তর্জাতিক কোনো সংস্করণেই ব্যাটসম্যান হিসেবে খেলতে সাকিবের বাধা নেই, জানিয়েছে বিসিবি।

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহালের পর শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দলে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে। আজ রবিবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করার কথা। সাকিব বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত