চব্বিশের গণ-অভ্যুত্থান চলাকালে গুলিতে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যানসারে আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। জিসানের চিকিৎসার সব খরচ বহন করবেন তারেক রহমান।
জিসানের চিকিৎসার জন্য গতকাল শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জিসানের চিকিৎসার জন্য এর আগে চারটি কেমোথেরাপির পুরো খরচ দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন ভালোর দিকে। চিকিৎসকরা বলছেন, জিসান সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রবিবার (আজ) থেকে তার রেডিওথেরাপি শুরু হচ্ছে। এটা চলবে ৩৩ দিন। প্রতিটি রেডিওথেরাপির খরচ ৬ হাজার টাকা করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা।
আব্দুল্লাহ বিন জাহিদ গত ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় তার মা জানতে পারেন ১৪ বছর বয়সী ছেলে জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।
