স্মার্ট ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড। চিপ প্রস্তুতকারক কোয়ালকমের সঙ্গে চুক্তি করে মোটরসাইকেলের ফিচার্স সাজাচ্ছে কোম্পানিটি। এই বৈদ্যুতিক মোটরসাইকেলে থাকবে স্মার্টফোনের মতো রিয়েল টাইম কানেক্টিভিটি। মোটরসাইকেলটিতে পাওয়া যাবে কিউডব্লিউএম২২৯০ প্রসেসর। স্ন্যাপড্রাগন কার টু ক্লাউড প্ল্যাটফর্মের ভিত্তিতে কানেক্টিভিটি ফিচার্সগুলো পাওয়া যাবে।
অত্যাধুনিক এই মোটরসাইকেলটির যাবতীয় হার্ডওয়্যার পার্টস ও ডিজাইন এনফিল্ড তৈরি করলেও ফিচার্স ডিজাইন করার জন্য নিযুক্ত করা হয়েছে কোয়ালকমের একটি আলাদা টেকনিক্যাল টিম। যে কিউডব্লিউএম২২৯০ প্রসেসর থাকবে, তার মাধ্যমে মোটরসাইকেলের সব ডিজিটাল ফিচার্স পাওয়া যাবে। মোটরসাইকেলে যে টিএফটি স্ক্রিন থাকবে, সেখানে ভেসে উঠবে সব ডেটা।
ফোর জি, ব্লুটুথ, ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে মোটরসাইকেল চালু এবং বন্ধ থাকা অবস্থায় কানেক্ট করা যাবে। এ ছাড়া পাওয়া যাবে বিশেষ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। মোটরসাইকেলটিতে পাঁচটি প্রি-সেট রাইডিং মোড রাখছে রয়্যাল এনফিল্ড। রাস্তার পরিস্থিতি অনুযায়ী রাইডিং মোড কাস্টমাইজ করা যাবে। মোটরসাইকেল লক ও আনলক করা যাবে মোবাইল ফোন দিয়েই।
রয়্যাল এনফিল্ড ফ্লি একটি ব্র্যান্ড হিসেবে বাজারে নিয়ে আসছে কোম্পানি। প্রথমে দুটি মোটরসাইকেল লঞ্চ হবে এফএফ-সি৬ এবং এফএফ-এস৬। একটি স্ক্র্যাম্বলার মোটরসাইকেল, আর একটি ইলেকট্রিক রেট্রো মোটরসাইকেল। ২০২৬ সালে মোটরসাইকেলগুলো সম্ভবত লঞ্চ হতে পারে। ভারত ছাড়াও পাওয়া যাবে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও ব্রাজিলে।
