মুক্তিপণের টাকা দিয়ে বাসায় ফিরলেন চিকিৎসক

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫২ এএম

গাজীপুরের শ্রীপুরে প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে প্রাণ নিয়ে বাসায় ফিরেছেন নিউরো সার্জন এক চিকিৎসক। প্রাইভেট ক্লিনিকে সাপ্তাহিক কলে (চেম্বার করে) চিকিৎসা দিয়ে সন্ধ্যায় বাসায় ফেরার পথে অপহরণের শিকার হন ওই চিকিৎসক।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওনা চৌরাস্তা এলাকা থেকে তিনি অপহরণের শিকার হয়েছিলেন। তার নাম ডা. আমিনুর রহমান (৪০)।

অপহরণকারীদের মারধরের শিকার ডাক্তারের পরিবার পাঁচ দফায় ১ লাখ ৩০ হাজার টাকা দেন অপহণকারীদের।

পরে গতকাল রবিবার ভোরে একটি গাড়িতে করে রাজেন্দ্রপুর এলাকায় আহত অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। পরে পথচারীরা উদ্ধার করে তাকে ঢাকার বাসাতে পাঠিয়ে দেন।

অপহরণের শিকার চিকিৎসকের ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টন বলেন, অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে কয়েক দফায় টাকা নেয়। এরপর ভোররাত ৪টার দিকে আহত অবস্থায় তাকে রাজেন্দ্রপুর এলাকায় একটি স্থানে গাড়ি থেকে নামিয়ে দেয় অপহরণকারীরা। এ সময় তার কাছে (ডা. আমিনুর রহমান) থাকা ক্রেডিট কার্ড থেকে টাকা, দুটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ নিয়েছে অপহরণকারীরা।

ডা. আমিনুর রহমান টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কচুটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক। বিষয়টি শ্রীপুর থানা পুলিশ ও গাজীপুর র‌্যাব-১-কে জানালে তারা অভিযান শুরু করে।

মাওনা লাইফ কেয়ার হসপিটাল অ্যান্ড ক্লিনিকের পরিচালক আজহারুল ইসলাম বলেন, তিনি (ডা. আমিনুর রহমান) কালই প্রথম আমাদের হসপিটালে চেম্বার করেন। তিনি একজন অভিজ্ঞ সার্জন। কাল একটি অপারেশন করেন। তবে এমন খবর শুনে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু বন্ধ বলছে। পরিবারেরও কোনো নম্বর নেই।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, ‘ওই চিকিৎসক মাওনাতে চেম্বার শেষ করে বাসায় ফেরার সময় মাওনা এলাকা থেকে অপহরণের শিকার হন। ভোরে অসুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন বলে পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আমরা ঘটনা জানার পরপরই তৎপরতা চালিয়েছিলাম। অভিযানে নামে পুলিশ। আশা করি অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত