নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি এবং তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। গতকাল সোমবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তর করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক।
গ্রেপ্তার মতিউর রহমান সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার আইলপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, ভাটারা ও যাত্রাবাড়ী থানায় একাধিক হত্যা মামলা করা হয়। তার ছেলে বাবুইকেও কয়েকটি হত্যা মামলার আসামি করা হয়েছে।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সজুন হক জানান, গ্রেপ্তার মতিউর রহমানকে ভাটারা থানায় করা একটি হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা হত্যা ও হত্যাচেষ্টাসহ ৪৫টি মামলার আসামি মতিউর রহমান মতি। আমরা ভাটারা থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
