সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জনের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
যাদের নিয়োগ বাতিল করা হয়েছে, তারা হলেন, অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান। এই ছয় ব্যক্তি এখনো শপথ গ্রহণ
করেননি। পিএসসির নতুন সদস্য হিসেবে এই ছয় ব্যক্তিকে গত ২ জানুয়ারি নিয়োগ দিয়েছিল সরকার। তাদের শপথ স্থগিত চেয়ে ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠিয়েছিল পিএসসি। পিএসসির অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করে সুপ্রিম কোর্ট। পিএসসির সূত্র মতে নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কারণে তাদের শপথ স্থগিত করা হয়। নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্য বিগত সরকারের ঘনিষ্ঠজন হওয়ায় এই সমালোচনা হচ্ছিল। এখন এই ছয়জনকে বাদ দিয়ে চেয়ারম্যানসহ পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ৯ জন।
