পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উদযাপিত হয়েছে মনিপুরীদের ঐতিহ্যবাহী ‘বেলিরাস’ উৎসব। এ উপলক্ষে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা পেশার মানুষের পদচারণায় সকাল থেকে মুখর হয়ে ওঠে বেলিরাসস্থল।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ধনসিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাসের আয়োজন করে উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদ।
আয়োজকরা জানান, দুপুর সাড়ে ১২টায় শুরু হয় বেলিরাস। বেলিরাস মূলত শ্রীকৃষ্ণের রাসলীলার একটি অংশ। বাংলায় একে বলে দিবারাস, আর মনিপুরীদের ভাষায় বেলিরাস। দিনের ভেতরে এ রাস শেষ হয়ে বলে একে দিবারাস বা বেলিরাস বলা হয়। এ উপলক্ষে উত্তর বালিগাঁও মণিপুরীপাড়া হাজারো মানুষের মিলনতীর্থে পরিণত হয়। উৎসবস্থলের পাশেই জমে ওঠে মেলা।
উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃনাল সিংহ জানান, আমাদের গ্রামের শিক্ষক ভুবনেশ্বর সিংহের বাবা ধনসিংহ শতবছর আগে এই উৎসবের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত এ উৎসব চলছে। প্রতিবছর আয়োজন করা হয় নানা উৎসব। রাখাল নৃত্য, নৌকা বিলাস, কলঙ্ক ভঞ্জন, নিমাই সন্যাস, বেলিরাস করে থাকি। এবার অনুষ্ঠিত হয়েছে বেলিরাস।
জুলাই ঘোষণাপত্র প্রকাশে ১৬ জানুয়ারি সর্বদলীয় বৈঠক