নাটোরের নলডাঙ্গায় ১৮টি বাড়িতে গান পাউডার দিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনকে আপিলের রায়ে খালাস দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুরে ১৮টি বাড়িতে গান পাউডার ছিটিয়ে ও পেট্রল দিয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে আসাদুজ্জামান আসাদ (সাবেক নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান) ঘটনার তিন বছর পর নলডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা করেন। মামলায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনের নাম উল্লেখ করেন। মামলায় দুলুসহ ৯৪ জনের ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। রায়ের পর তার ভাই রফিকুল ইসলাম তালুকদার নাটোরের জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। দীর্ঘ আপিল শুনানি শেষে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এএফএম মারুফ চৌধুরী গতকাল মামলার সব আসামিকে খালাস প্রদান করেন।
নাটোর আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেছেন, বিচারক মামলার পর্যবেক্ষণে বলেছেন, দুলুর ভাতিজা যুবদল নেতা সাব্বির আহম্মেদ গামা হত্যাকাণ্ডের পর বিষয়টি ভিন্ন খাতে নিতে সেই হত্যা মামলার আসামি ও তাদের স্বজনরা পরিকল্পিত ভাবে দুলু ও তার স্বজনদের বিরুদ্ধে ঘটনার তিন বছর পর কাউন্টার মামলা হিসেবে এই মামলাটি দায়ের করেছিলেন।
