সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তথ্য প্রযুক্তি সহায়তায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা ও আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আজিজুল হক তালুকদারের ছেলে মো. তাইজুল তালুকদার (৫০), আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়ার কাঠগড়া পালোয়ান বাড়ি এলাকার মৃত ঠান্ডু পালোয়ানের ছেলে মো. মানিক পালোয়ান (৪০), আশুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও আশুলিয়ার কাঠগড়া এলাকার মৃত আহমেদ জলিল মাস্টারের ছেলে মো. আশরাফ আহমেদ (৪০) এবং আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মৃত মুজিবুল হকের ছেলে আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি মো. মমিনুল হক (৪৫)।
পুলিশ জানায়, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভার ও আশুলিয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালালে অন্তত অর্ধশতাধিক ছাত্র-জনতা শহিদ হয় এবং কয়েক’শ লোক আহত হয়। এসব ঘটনায় হতাহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শিশুর গলা পর্যন্ত মাটিতে পুঁতে মুক্তিপণ দাবি, ভিডিও ভাইরাল
হাইকোর্ট এলাকায় পুলিশের লাঠিচার্জে আহত ৭ জন ঢামেকে