ফারুকের আসতে দেরি, বিরক্ত তামিম নিলেন না ম্যাচসেরার পুরস্কার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম

ঢাকা ক্যাপিটালের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে ৪৮ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম ইকবাল। তার ইনিংসের ওপর ভর করে ফরচুন বরিশাল ১৬ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বরিশাল অধিনায়ক। তবে পুরস্কার বিতরণীর মঞ্চে না ওঠা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

ম্যাচসেরার পুরস্কার নিতে তামিমের বদলে মঞ্চে উঠেছিলেন তার ওপেনিং পার্টনার নাজমুল হোসেন শান্ত। বরিশাল দল সূত্রে জানা যায়, মঞ্চের পাশে অনেক্ষণ দাঁড়িয়ে ছিলেন তামিম, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের আসতে দেরি হওয়ায় কিছুটা বিরক্ত হন তিনি। এক পর্যায়ে মঞ্চে না ওঠার সিদ্ধান্ত নিয়ে নাজমুলকে পুরস্কার আনতে পাঠান।

ঢাকার দেওয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ও নাজমুলের উদ্বোধনী জুটি বরিশালকে ৮৭ রানের মজবুত ভিত্তি এনে দেয়। ৪৮ বলে ৬১ রানের ইনিংসে তামিম হাঁকান ৯টি চারের মার। নাজমুলের ব্যাট থেকেও আসে ৩৯ রান। তামিমের এমন পারফরম্যান্স বরিশালকে এবারের বিপিএলে আরও শক্ত অবস্থানে নিয়ে গেল।

তামিমের মঞ্চে না ওঠা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তামিমের সম্পর্ক নিয়ে আগেও বিতর্ক হয়েছে। তবে এই ঘটনার পর তা আবার আলোচনায় এসেছে।

তামিমের পারফরম্যান্স যেমন তার দলের জয় সহজ করেছে, তেমনি মঞ্চে না ওঠার ঘটনা ম্যাচ শেষেও আলোচনার কেন্দ্রে। এই বিষয়ে তামিম বা বরিশাল দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত