লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে চোরের দৌরাত্ম্য চরম পর্যায়ে পৌঁছায়। মোবাইল ফোন ও সোনার গহনা চুরির ঘটনায় আজ শনিবার ২১ জন নারী ও একজন পুরুষকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করে মাহফিল প্রাঙ্গণে। তবে সেই ভিড়ের ফাঁকে সক্রিয় হয় চোরের দল।
মাহফিলে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের মোবাইল খোয়ানো সাংবাদিক আমিনুল ইসলাম রকি বলেন, ‘কাজের মধ্যে বুঝতেই পারিনি, কখন মোবাইলটা হাওয়া হয়ে গেছে!’
অভিযোগ করে মরিয়ম বেগম নামের এক নারী বলেন, ‘মাহফিলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় চোরেরা সহজেই সুযোগ পেয়েছে।’
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী ইসলাম জানান, ‘চুরির ঘটনায় ২১ জন নারীসহ মোট ২২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ইতোমধ্যে ৮ থেকে ১০টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
মাহফিলের আয়োজক কমিটির কো-অর্ডিনেটর রায়হান রাজিব বলেন, ‘আমরা চেষ্টা করেছি সুষ্ঠু আয়োজন করতে, তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’
ওসি নুরুন্নবী ইসলাম আরও বলেন, ‘আটকদের আগামীকাল রবিবার আদালতে পাঠানো হবে।’
আজহারীর মাহফিল শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের
পুলিশের প্রশিক্ষণে ছোড়া গুলিতে নিজ বাড়িতে কিশোরী রক্তাক্ত