জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই আতাউর রহমান বিপুলকে (৫০) কুপিয়ে হত্যা ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পোগদিঘার ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া গ্রামে ১৩ শতাংশ বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে আনোয়ার হোসেন কালু মিয়ার ছেলে বিপুল মিয়ার সাথে চাচাতো ভাই তোতা মিয়ার ছেলে আপেল মিয়ার বিরোধ চলে আসছিল। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আনোয়ার হোসেন কালু মিয়ার বসতবাড়ির আঙ্গিনায় খড়ের পালা সরিয়ে নিতে হুমকি দেন তোতা মিয়ার ছেলে আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন। এতে খড়ের পালা সরিয়ে নিতে অস্বীকৃতি জানান আনোয়ার হোসেন কালু মিয়ার ছেলে আতাউর রহমান বিপুল।
এ নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র রাম দা, চাইনিজ কোড়াল, লোহার রড নিয়ে আতাউর রহমান বিপুলের ওপর হামলা করে। এ সময় মা আসমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম বিপুলকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন।
এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলে এবং মা আছমা বেগমের একটি হাত ভেঙে দেয় আপেল ও তার লোকজন। হামকারীরা সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আছমা বেগম এবং মুক্তা বেগম ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নিহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আনোয়ারা বেগম ও সাজিদ ইসলাম তানজিলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, জমি নিয়ে বিরোধে বিপুলকে কুপিয়ে হত্যা ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারা বেগম ও সাজিদ ইসলাম তানজিল গ্রেপ্তার করে। পরে দুপুরের দিকে আসামিদের আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।
বাংলাদেশের পণ্যবাহী ৪ জাহাজ আটকে রেখেছে আরকান আর্মি
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের চেষ্টা করা হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা