৩০ জানুয়ারি আসছে ‘ফেউ’

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৩১ এএম

আগামী ৩০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় চঞ্চল চৌধুরী অভিনীত সিরিজ ‘ফেউ’। ইতিমধ্যে সিরিজটির টিজার প্রকাশ্যে আসতেই আলোচনায় এই অভিনেতা। সেখানকার একটি সংলাপে শোনা যায়, ‘ও সুনীল দা, ফেউ কারা?’ প্রত্যুত্তরটা এমন, ‘এজেন্ট। সরকারি গোয়েন্দা গে এজেন্ট কয়।’

‘ফেউ’ সিরিজে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন সুনীল চরিত্রে। সুনীল একজন আলোকচিত্রী। সম্প্রতি ‘ফেউ’-এ কাজ করা প্রসঙ্গে নানা অভিজ্ঞতা জানান চঞ্চল। এক ইতিহাস ও প্রেক্ষাপট নিয়ে রচিত এই সিরিজটি। সেই ঘটনাগুলোর অনেক তথ্য সুনীল তার ক্যামেরায় ধরে রাখেন বলে জানান অভিনেতা।

‘ফেউ’-এর শুটিং হয়েছে সুন্দরবনে। সেখান থেকে শুটিংয়ের নানা অভিজ্ঞতার কথাও জানান। চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা যখন শুটিং করেছি, তখন ছিল প্রচ- ঠা-া। মাস খানেক সুন্দরবনে শুটিং হয়েছে, যার মধ্যে আমি ছিলাম ২০ দিনের বেশি। রাতে যখন লঞ্চে ঘুমাতাম, খুব ঠা-া লাগত। আমি শীতের জামা-কাপড় পরেই ঘুমাতাম। তবে ঠা-ার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির। আমাদের লঞ্চ যেখানে নোঙর করা ছিল, সেখানে ছিল কুমিরটা। সকালে জানালা দিয়ে মুখ বের করলেই কুমির এবং আরও বিভিন্ন পশু-পাখি দেখা যেত। আমরা লঞ্চ থেকে শুটিং স্পটে যেতাম ছোট ছোট ট্রলারে। রাতেও শুটিং করতে হতো, খুব কঠিন পরিস্থিতি ছিল।’

চঞ্চল চৌধুরী ছাড়াও সিরিজটিতে আরও থাকছেন তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসেন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস ও এ কে আজাদ সেতু।

১৯৭৯ সালের জানুয়ারি থেকে মে মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনা জেলার দ্বীপ মরিচঝাঁপিতে ঘটে যাওয়া গণহত্যার ছায়া অবলম্বনে ‘ফেউ’ নির্মিত হলেও সিরিজটি ফিকশনাল। এর গল্প লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান, রোমেল রহমান এবং চিত্রনাট্য করেছেন সুকর্ন সাহেদ ধীমান, সিদ্দিক আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত