তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ এএম

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপর শুনানি হবে আজ রবিবার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চে আবেদনটির ওপর শুনানির জন্য কার্যতালিকায় ১৩ নম্বর ক্রমিকে রয়েছে। গত ১ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেছিল।

গত ২৫ আগস্ট সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষে বদিউল আলম মজুমদারসহ পাঁচজন সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন। এরপর পৃথক সময়ে একই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে পৃথক রিভিউ আবেদন করা হয়।

১৯৯৬ সালের ২৭ মার্চ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এ সংশোধনীর বৈধতা প্রশ্নে ১৯৯৮ সালে রিট আবেদন হয়। প্রাথমিক শুনানি শেষে রুল দেয় হাইকোর্ট। ২০০৪ সালের ৪ আগস্ট রুলের চূড়ান্ত শুনানি নিয়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা সংবিধানসম্মত বলে রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করে রিটকারীপক্ষ। ২০১০ সালের ১০ মে আপিল মঞ্জুর করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণা করে তখনকার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। এ রায়ের আলোকে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তসহ বেশ কিছু বিষয় নিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। 

গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে ১৩ বছরের বেশি সময় আগে আওয়ামী লীগ সরকারের সময়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে আনা পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা  সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল বলে রায় দেয়। সংশ্লিষ্ট আইনজীবীরা তখন বলেছিলেন, হাইকোর্টের এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার চূড়ান্ত অবস্থান জানা যাবে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মামলা নিয়ে রিভিউ আবেদনের রায়ের পর।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত