ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে ইসরাফিল (৪০)।
এ ঘটনায় জড়িত একই গ্রামের আব্বাছ আলীর ছেলে আবু রায়হানকে (১৯) ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে থানা পুলিশ। নিহত ইসরাফিল সম্পর্কে আবু রায়হানের নানা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ইসরাফিলের সাথে জমি নিয়ে আবু রায়হান ও তার পরিবারের বিরোধ চলছিল। সোমবার সকালে ধান ক্ষেতে চাষ করতে গেলে আবু রায়হান ছুরি নিয়ে অতর্কিতভাবে ইসরাফিলের পেটে পরপর তিনটি আঘাত করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সংবাদ পেয়ে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় জড়িত আবু রায়হানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অবসরের পরও বাগান মালীর দখলে সরকারি কোয়ার্টার
আন্দোলনে নিহত আসাদুলের লাশ কবর থেকে উত্তোলন