হোমিওপ্যাথি মেডিকেল কলেজ

উপাধ্যক্ষ অপসারণের আবেদন পুনঃতদন্তের নির্দেশ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে অবস্থিত তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. শারমিন আক্তার ভূঁইয়াকে অপসারণের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে প্রায় দুই মাস আগে তদন্ত কার্যক্রম শেষ হলেও তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। বরং তদন্ত কর্মকর্তার রিপোর্ট অসম্পূর্ণ উল্লেখ করে ফের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, গত সেপ্টেম্বরে কলেজের উপাধ্যক্ষ ডা. শারমিন আক্তার ভূঁইয়াকে অপসারণের জন্য ৩৭ প্রাক্তন শিক্ষার্থী ও ২০ শিক্ষক প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। একই সময়ে উপাধ্যক্ষ ডা. শারমিনও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুর রহমানের বিরুদ্ধে অসদাচরসহ বিভিন্ন অভিযোগ করেন। জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট সবাইকে ডেকে গত ১৭ নভেম্বর শুনানি করেন তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা) মাসুদ রানা। পরে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন ‘ডা. শারমিন আক্তার ভূঁইয়া অধ্যক্ষ হতে না পেরে চরম হীনমন্যতায় ভুগছেন। উপাধ্যক্ষের কারণে প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, সেহেতু তাকে অপসারণ অথবা কড়া সতর্কবার্তা দেওয়া যেতে পারে।’

কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিলের দুই মাস পর গত ৯ জানুয়ারি ফের তদন্ত করার নোটিস জারি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান। ফের তদন্ত করার আদেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মাশফাকুর রহমান বলেন, ‘আগে যিনি তদন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন তিনি একপক্ষের বিষয়ে মতামত দাখিল করেছিলেন। বর্তমানে তিনি ট্রেনিংজনিত কারণে ছুটিতে থাকায় জেলা প্রশাসকের নির্দেশে ফের তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত