শুটিং করতে গিয়ে ফোন হারালেন বন্নি হাসান। রাজধানীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এরিয়াতে গতকাল শুটিং করার সময় তার মুঠোফোনটি চুরি হয় বলে জানান ‘তিলোত্তমা’ অভিনেত্রী। এমন ঘটনার পর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নাম্বার- ১১৮৫।
বন্নি হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল সোমবার সিএমএম কোর্টে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় একটি প্রজেক্টের শুটিং করছিলাম। এদিন কোর্টে মানুষজনের ভিড়ও ছিল অনেক। আমার ব্যবহৃত স্যামসাং এস২৩ আল্ট্রা ফোনটি পার্স ব্যাগে রাখা ছিল। হঠাৎ দেখি ফোনটি নেই। ওইসময় এত মানুষ ছিল কীভাবে কি করব, বুঝতে পারছিলাম না। ব্যাগ থেকে ফোনটি চুরি হয়েছে, কীভাবে এবং কে নিয়েছে সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই।’
তিনি আরও বলেন, ‘এখন রাস্তা ঘাটে বের হওয়াটাও নিরাপদ লাগছে না। প্রতিদিন কতরকম খবর দেখছি চুরি, ছিনতাই, দুর্ঘটনাসহ আরও কত কি! আমারও হয়তো কোনো বিপদ হতে পারতো, সেটা নাহয়ে ফোনের ওপর দিয়ে চলে গেছে। তারপরও আমার মনে হয় প্রত্যেকের এখন বেশ সচেতন থাকা উচিত। নিজের খেয়াল নিজেকেই রাখতেই হবে।’
বেশ কয়েক বছর ধরেই শোবিজে কাজ করছেন বন্নি। মডেলিংয়ের পাশাপাশি কাজ করেছেন বিজ্ঞাপনেও। গেল বছরে ‘তিলোত্তমা’ নাটকে অভিনয় করে দর্শকের প্রিয় মুখ হয়ে উঠেন তিনি।
প্রেমে মজেছেন ‘দুষ্টু কোকিল’র মিমি, দিলেন ইঙ্গিত! 