‘সরকারকে নিশ্চিত করতে হবে নির্বাচন কবে দেবে’

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ এএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে তারা নির্বাচন কবে দেবে। সংস্কারের নামে অতিরিক্ত সময়ক্ষেপণ এ দেশের মানুষ বরদাশত করবে না। এ দেশের মানুষ অনেক দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য।

‘বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের’ উদ্যোগে রাজধানীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আলমগীর হোসেন বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিএনপিকে মাইনাস করে তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে। বিএনপিকে মাইনাস করতে গিয়ে তারাই একসময় মাইনাস হয়ে গেছে। আজও বিএনপিকে মাইনাস করার নানারকম চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। কিন্তু মনে রাখতে হবে বিএনপি জনগণের দল। জনগণের ভালোবাসার দল। এই দলকে কখনো মাইনাস করা যাবে না। যারা মাইনাস করতে চান, তারাই একসময় মাইনাস হয়ে যাবেন।’

বিশেষ অতিথির বক্তব্যে লেখক-সাহিত্যিক-সাংবাদিক কালাম ফয়েজী বলেন, ‘এ দেশের স্বাধীনতার প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। এই পূর্ববাংলায় নবাব সলিমুল্লাহর নেতৃত্বে ১৯০৫ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়। এটিই ছিল সারা ভারতবর্ষের মুসলমানদের প্রথম রাজনৈতিক দল। এ আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যেরকম শিক্ষিত রাজনীতিবিদ, আমলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রয়োজন, সেটা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমেই পূর্ণতা পায়। ফলে তাদের দীর্ঘমেয়াদি আন্দোলন সংগ্রামের ফলে দেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত