কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামের চার বছরের এক শিশুকে পুকুরে ফেলে দেওয়া শিক্ষক শাহজাহান ফজলুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। মিফতাহুল মাওয়া উপজেলার পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়ির সৌদি আরব প্রবাসী নজির আহমেদের মেয়ে।
গতকাল মঙ্গলবার শাহজাহান ফজলুর রহমান কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়। কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৬ জানুয়ারি বিকেলে পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে রাস্তার পাশে থাকা বালু নিয়ে খেলা করছিল মিফতাহুল মাওয়া। এ সময় তাকে পুকুরে ফেলে দেন শিক্ষক শাহজাহান। ওইদিন সন্ধ্যার পর এ ঘটনার ৪ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই রাতেই আহত মিফতাহুল মাওয়ার মা শামসুন নাহার তানিয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন। এ ঘটনার পর থেকে মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক অভিযুক্ত শাহজাহান ফজলুর রহমান গা-ঢাকা দেন।
